কেন্দ্র

সেনার শক্তি বাড়াতে ২.১২ লক্ষ কোটির অস্ত্রভাণ্ডার, কামিকাজে ড্রোন থেকে মিসাইল শিল্ড—বড় অনুমোদন কেন্দ্রের

শত্রুপক্ষের মোকাবিলায় ভারতীয় সেনাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ কেন্দ্রের। কামিকাজে ড্রোন, উন্নত কামান, মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, হেলিকপ্টার-সহ একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার জন্য ২.১২ লক্ষ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকেই এই অনুমোদন দেওয়া হয়। প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ক্রয়ের ৮২ শতাংশই দেশীয় সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা—তিন বাহিনীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনা হবে। স্থলসেনার জন্য তালিকায় রয়েছে হাই মোবিলিটি ভেহিকল, সেলফ-প্রপেলড ট্র্যাকড গান সিস্টেম, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, স্বল্পপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, গান শট রেসপন্স সিস্টেম, কাউন্টার-ড্রোন সিস্টেম এবং নজরদারি ড্রোন। এর পাশাপাশি ইন্টিগ্রেটেড সার্ভেইল্যান্স অ্যান্ড স্ট্রাইক সিস্টেম এবং দীর্ঘপাল্লার কামিকাজে ড্রোনও কেনা হবে।

নৌসেনার জন্য থাকছে জাহাজবিধ্বংসী মিসাইল প্রতিহত করার অত্যাধুনিক অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজও সংগ্রহ করা হবে।

অন্যদিকে, বায়ুসেনার জন্য হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের অস্ত্র এবং মোবাইল এক্স-ব্যান্ড ডপলার ওয়েদার রাডার কেনার প্রস্তাবে অনুমোদন মিলেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, নতুন সরঞ্জামগুলি যুদ্ধক্ষেত্রে তিন বাহিনীর সক্ষমতা আরও বাড়াবে। বিশেষ করে নজরদারি, ড্রোন হামলা প্রতিহত করা এবং ট্যাঙ্ক সুরক্ষার ক্ষেত্রে এই প্রযুক্তিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা হবে। অনুমোদিত সামরিক সরঞ্জাম ও অস্ত্রের ৮২ শতাংশই ভারতীয় সংস্থার মাধ্যমে তৈরি বা সংগ্রহ করা হবে।

তবে এই অনুমোদনই চূড়ান্ত ক্রয়চুক্তি নয়। DAC-এর সম্মতি পাওয়ার পর এবার দরপত্র আহ্বান এবং বিভিন্ন সরঞ্জামের মূল্যায়ন প্রক্রিয়া শুরু করবে প্রতিরক্ষা মন্ত্রক। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.