বিনোদন

১৫ বছর পূর্তিতে ‘হাউসফুল ৫’-এর ঝলক! কমেডির মোড়কে রহস্যের হাতছানি

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর প্রথম ছবি মুক্তির ১৫ বছর পূর্তি হল আজ, ৩০শে এপ্রিল। এই বিশেষ দিনে নির্মাতারা দর্শকদের জন্য নিয়ে এলেন সিরিজের পঞ্চম ছবি ‘হাউসফুল ৫’-এর বহু প্রতীক্ষিত টিজার।

এক মিনিটের এই টিজারে ছবির তারকাখচিত কাস্টের ঝলক দেখা গেল। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাল বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মরিয়া, রঞ্জিত, সৌন্দর্যা শর্মা, নিকিতিন ধীর এবং আকাশদীপ সাবিরের মতো একঝাঁক তারকাকে দেখা গেল টিজারে। তবে ছবির আসল চমক লুকিয়ে রয়েছে একটি রহস্যময় খুনির আগমনে।

টিজারটি শেয়ার করে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, “আজ থেকে ১৫ বছর আগে… শুরু হয়েছিল এই পাগলামি! ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ফিরছে তার পঞ্চম পর্ব নিয়ে, এবং এইবার এটি কেবল বিশৃঙ্খলা এবং হাস্যরস নয়… বরং একটি খুনের কমেডি।
হাউসফুল৫ মুক্তি পাচ্ছে আগামী ৬ই জুন, ২০২৫”

টিজারটি দেখার পর দর্শকেরা তাদের উত্তেজনা ধরে রাখতে পারেননি। কমেন্ট বক্সে উপচে পড়েছে তাদের উচ্ছ্বাস। একজন লিখেছেন, “১০০০ কোটির দিকে এগোচ্ছে।” আরেকজনের মন্তব্য, “খুনির মুখোশটা যেন স্কুইড গেমের ফ্রন্ট ম্যানের মতো! ইন্টারেস্টিং।” কেউ আবার লিখেছেন, “অবশেষে… বহু বছর পর একটা ভালো হাউসফুল মুভি! এটা দেখে সত্যিই আশাব্যঞ্জক মনে হচ্ছে – জেনিফার অ্যানিস্টনের মার্ডার মিস্ট্রির ভাইবস পাচ্ছি… তবে সব মিলিয়ে দারুণ লাগছে।” আরেক ভক্ত যোগ করেছেন, “অক্ষয় কুমার, কমেডির রাজা, ফিরে এসেছেন – এবং কী ভাবেই না! শুধু তার উপস্থিতি আর অভিব্যক্তি দেখুন।” অন্য একজন লিখেছেন, “দেখে তো অ্যাডাম স্যান্ডলারের মার্ডার মিস্ট্রির দ্বারা অনুপ্রাণিত মনে হচ্ছে।”

তরুণ মনসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে অভিষেক, অক্ষয় এবং রিতেশকে, ‘হাউসফুল ৩’-এর পর। অক্ষয় এবং রিতেশ এই ফ্র্যাঞ্চাইজির শুরু থেকেই অবিচ্ছেদ্য অংশ, তবে অভিষেক তৃতীয় পর্বে তার কমিক টাইমিংয়ের জাদু দেখিয়েছিলেন। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি ‘হাউসফুল ৫’ আগামী ৬ই জুন, ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির আগের সব ছবিই বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। তাই পঞ্চম কিস্তি নিয়েও দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.