বাংলাদেশের পরিস্থিতি এখনও উদ্বেগের অবকাশ ঘটায়নি। শেখ হাসিনার ইস্তফার পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার চালানো হয়েছে এবং হচ্ছে। ভাঙা হচ্ছে মন্দির। এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কটাক্ষ দাগেন তিনি।
দিলীপের উবাচ, ‘আমাদের পড়শি দেশ নিয়ে সবসময় চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলে ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার হয়, পালিয়ে আসেন। কিন্তু তাঁদের হয়ে কেউ কথা বলছে না। কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার ধারণা, এই যারা সমাজবিরোধী হুলিগান, তারা কারও নয়, নাহলে কীকরে পার্লামেন্ট হাউস, প্রধানমন্ত্রীর বাড়ি লুঠ করতে পারে? এগুলি তো নিজের দেশেরই জিনিস।’
উল্লেখ্য, বাংলাদেশের সীমান্ত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে নবান্নে। এবং বাংলাদেশকে নিয়ে আগামীদিনে কোন পথে এগোবে দেশ? তার প্রাথমিক রূপরেখা ঠিক করতে, মঙ্গলবার সর্বদল বৈঠকের ডাক দেয় মোদী সরকার। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল জানায়, তারা যেকোনও সিদ্ধান্তে কেন্দ্রের পাশেই আছে। এহেন আবহেই বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে সরব হতে গিয়ে সেই তৃণমূল-বিজেপি সংঘাত-বিষয় টেনে আনেন দিলীপ ঘোষ।
দিলীপের মন্তব্য, ‘বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল’। নেতার দাবি, একুশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোটপরবর্তী হিংসা চালিয়েছিল এরাই। বিজেপি কর্মীদের ওপর হামলা করে, খুন করে। এদের মতোই লোকজন বিজেপির নেতা-কর্মীদের ওপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল বলে দাবি দিলীপের।
প্রবীণ বিজেপি সাংসদের সতর্কবার্তা, ‘এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না।’







