প্যারিস অলিম্পিক ২০২৪-এ পুরুষদের ফুটবল ফাইনালে স্পেন তাদের আধিপত্য আরও একবার প্রমাণ করল, ৫-৩ গোলে ফ্রান্সকে পরাজিত করে সোনা জিতল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে ফ্রান্স ফিরে আসে, কিন্তু অতিরিক্ত সময়ে স্পেনের সার্জিও কামেলোর দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের ফয়সালা হয়ে যায়।
ফ্রান্সের হয়ে এনজো মিলো প্রথমে গোল করে এগিয়ে দিলেও, স্পেন দ্রুতই দুই গোল করে তাদের চাপে ফেলে দেয়। বার্সেলোনার তরুণ তারকা ফারমিন লোপেজের দুটি গোল ও আলেক্স বানেয়ার ফ্রি-কিকের সুবাদে প্রথমার্ধেই স্পেন ৩-১ লিড নেয়।
তবে ফ্রান্স দ্বিতীয়ার্ধে মাঘনেস আকলিউচ এবং জঁ-ফিলিপ মাতেতার গোলের মাধ্যমে সমতা ফেরায় এবং খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু সেখানে কামেলোর দুটি গোল ফ্রান্সের স্বপ্ন ভেঙে দেয়।
পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেনের জন্য এটি ১৯৯২ সালের পর প্রথম সোনার পদক। বিপরীতে, ফ্রান্সের শিবিরে হতাশা বিরাজ করলেও সিলভার পদক নিয়ে সান্ত্বনা খোঁজে।
স্পেনের এই জয় তাদের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো, যারা কিছুদিন আগেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং অনূর্ধ্ব-১৯ ইউরোপীয় শিরোপাও জিতেছে। অন্যদিকে, থিয়েরি অঁরির নেতৃত্বাধীন ফ্রান্স দল রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। ম্যাচের পরে অঁরি বলেন, “আমাদের দলটি গড়া সহজ ছিল না, তবে আমরা যে কাজটি করেছি তার জন্য আমি গর্বিত।”







