বামেদের দীর্ঘদিনের অভিযোগ অবশেষে মেনে নিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। স্বীকার করলেন, ‘তৃণমূল আসলে বিজেপির এজেন্ট’। এদিন মালদার সাহাপুরে চায়ে পে চর্চা অনুষ্ঠানে তৃণমূলের প্রতি কটাক্ষ করেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দিলীপের এহেন রব শুনে কার্যতই অস্বস্তিতে দল।
দিলীপের উবাচ, ‘টিএমসি বিজেপির এজেন্ট। যেখানে ধান্দা সেখানেই হাত মেলায়। মানুষ বুঝে গিয়েছে’। সম্প্রতি সুজাপুরে পঞ্চায়েতের প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধীদের বিঁধতে গিয়ে কংগ্রেস-বিজেপির সেটিং তত্ত্বও খাঁড়া করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বিজেপি-সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার প্রেক্ষিতে রাজনৈতিক অভিজ্ঞমহলের একাংশের মত, তৃণমূল সে অর্থে বিজেপির সংস্পর্শে ছিল। তাছাড়াও বাংলার বৃহৎ কোনও সিদ্ধান্তের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দ্বারস্থ হয়েছেন। তবে চব্বিশের নির্বাচনের আগে অ-বিজেপি শক্তিগুলির সঙ্গে বৈঠককেও প্রকাশ্যে খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ।







