আরজিকরের নির্যাতিতার দোষীদের স্বাস্থ্যের দাবি নিয়ে প্রায় প্রতিদিনই ধুন্ধুমার কান্ড চলছে পুরো পশ্চিমবঙ্গে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা করেছেন। এবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে আরজি করের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নামে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর তুলতে আরম্ভ করেছে। এমনকি মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তাল হয়ে উঠেছিল ছাত্র সমাজের ডাক দেওয়া নবান্ন অভিযান ঘিরে। দফায় দফায় চলেছে পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষ। পাশাপাশি শেষ বেলায় এসে বিজেপির তরফ থেকে লালবাজার ঘেরাও করা হয়। সব মিলিয়ে গতকাল উত্তপ্ত ছিল গোটা রাজ্য। এরপরই ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন উদযাপনে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক উচ্চ স্তরের নেতৃত্বরা।
এবার আরজি করের এই ঘৃণ্য নির্যাতনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে বিজেপি। এছাড়াও বহু চিকিৎসক বিভিন্ন জায়গায় মিছিল করবে এই ঘটনার দ্রুত সুবিচারের জন্য। তারই মধ্যে শাসকদলের পক্ষ থেকে পালন করা হবে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। এবার মুখ্যমন্ত্রী এই বিশেষ দিনটিকে উৎসর্গ করলেন তিলোত্তমা সহ দেশ জুড়ে অন্যান্য নির্যাতিতাদের। গতকাল মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়ে সকলকে জানায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল এ লিখেছেন, ” আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।
ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন।
আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন”।







