গতকাল তিনটি অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। দেবকে স্বাগত জানাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা উপস্থিত ছিলেন। প্রথমে তিনি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে কথা বলে পাঁচটি বেড সম্পন্ন ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এবং জেলা পরিষদের কর্মাধক্ষ্য সহ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং ঘাটাল ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা।
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধনের পর ঘাটাল লোকসভার সাংসদ কার্যালয়ে এসে জনতার দরবার বলে একটি কর্মসূচি করেন তিনি। যেখানে ঘাটাল লোকসভার ১৫ জন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করেন। শেষে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথবাতির উদ্বোধন করেন তিনি ।







