ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীরের কোচিং শৈলীর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। ডুলিপ ট্রফিতে ভারত বি দলের হয়ে খেলার আগে পন্থ জিও সিনেমায় একটি সাক্ষাৎকারে বলেন, “রাহুল ভাই ছিলেন ভারসাম্যপূর্ণ, যা ভাল বা খারাপ উভয়ই হতে পারে। অন্যদিকে, গৌতি ভাই অনেক বেশি আক্রমণাত্মক ও জয়ের দিকেই বেশি মনোনিবেশ করেন। তবে জয়ের জন্য ভারসাম্য রক্ষা করাটাও জরুরি।”
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। শেষ পর্যন্ত ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জেতে। তার মেয়াদ শেষ হলে গৌতম গম্ভীরকে ২০২৭ পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও গম্ভীরের প্রধান কোচ হিসেবে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তবে তার আক্রমণাত্মক মনোভাব দলের নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
পন্থ গম্ভীরের অধীনে দুটি সিরিজ খেলেছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী গম্ভীর বেশি আক্রমণাত্মক কৌশলে বিশ্বাসী। যেখানে রাহুল দ্রাবিড় ছিলেন শান্ত ও সংযমী।







