বিনোদন

পুজোয় আসছে ‘দেবী চৌধুরানী’, কৌশিকের চোখে শুভ্রজিতের মহা ক্যানভাস

সদ্য মুক্তি পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’ বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়েছে। ব্যবসার নিরিখে একাধিক রেকর্ড ভেঙে ছবিটি ইতিমধ্যেই আলোচনায়। তবে নিজের ছবি সফল হলেও কৌশিকের অপেক্ষা এখন আরেকটি বড়ো মুক্তির দিকে। আসন্ন দুর্গাপুজোয় পর্দায় আসছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’, আর সেই ছবির জন্যই দিন গুনছেন জনপ্রিয় এই নির্মাতা। একটি ফেসবুক পোস্টে কৌশিক লিখেছেন,”পুজোয় আরেক দেবীর আগমনী! দেবী মাহাত্ম্য ছাড়িয়ে মানবী মাহাত্ম্যের গল্প বলবে এই ছবি। অসামান্য এক উপন্যাসের ২০২৫ সালের চলচ্চিত্র রূপ। ফার্স্ট ডে ফার্স্ট শোতেই দেখবো।” তিনি আরও জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁর অসাধারণ লাগছে। সেই সঙ্গে শুভ্রজিতের এই বড়ো ক্যানভাসের জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেননি।

উল্লেখ্য, ২০২৩ সালে কৌশিক নিজেই প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে ‘কাবেরী অন্তর্ধান’ নির্মাণ করেছিলেন। তাই এই দুই তারকাকে শুভ্রজিতের বিশাল ক্যানভাসে কীভাবে দেখা যাবে, তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে। ছবিটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে ফুটে উঠবে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের কাহিনি। বড়ো বাজেট, তারকাসমৃদ্ধ কাস্ট, চমকপ্রদ ভিএফএক্স সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে এই প্রজেক্ট। ছবির টিজার মুক্তি পেয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। স্বাধীনতা দিবসের দিন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হয় দেবী চৌধুরানী-র টিজার, যা বাংলা চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক দর্শকের সামনে ভারতের স্বাধীনতার লড়াইয়ের কাহিনি তুলে ধরা সেই বিশেষ আয়োজন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দেশ-বিদেশে। ইতিমধ্যেই টিজারের ভিউ ছাড়িয়েছে ৪০ লক্ষ।

নায়িকা শ্রাবন্তীর অভিনয় নিয়েও মুখ খুলেছেন শুভ্রজিৎ। তাঁর মতে,”শ্রাবন্তী কতটা ভালো অভিনেত্রী, তা সবাই জানে। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলেছে। দর্শক এমন রূপ আগে দেখেননি।” তবে প্রশ্ন উঠছে, এই বড়ো মাপের ঐতিহাসিক ছবি কি জাতীয় পুরস্কার এনে দেবে পরিচালককে? শুভ্রজিতের সোজাসাপ্টা উত্তর,”আরেকটা পুরস্কার পেলে ভালোই লাগবে। তবে এ বছর দুই সুমনদার ছবি (‘পুরাতন’ ও ‘পুতুলনাচের ইতিকথা’) ইতিমধ্যেই প্রশংসিত। সৃজিত, কৌশিকদার ছবিও প্রতিযোগিতায় আছে। তাই দৌড়টা কঠিনই হবে।” সব মিলিয়ে, পুজোয় বাংলা সিনেমার বড়ো চমক হয়ে উঠতে চলেছে দেবী চৌধুরানী। এখন দর্শকের অপেক্ষা শুধু পর্দায় সেই মহা ক্যানভাস দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.