বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশজুড়ে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতিতে চিন্তিত কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকেই চ্যালেঞ্জ করছে না, বরং এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাংলাদেশ ক্রমশ ‘মৌলবাদীদের স্বর্গরাজ্য’ হয়ে উঠছে।
দেশের অর্থনৈতিক হাল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রথম মাস পার হতে চললেও দেশের আর্থিক স্থিতিশীলতা ফেরানোর কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং সরকার আওয়ামী লীগের নেতা ও কর্মীদের ওপর দমন-পীড়ন চালাতে ব্যস্ত রয়েছে। এদিকে শিল্প ও বাণিজ্যের পুনরুদ্ধার, আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনার জন্য নির্ভরযোগ্য নীতি গ্রহণের প্রয়োজন।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ঢাকা বাস্তবমুখী হয়ে ভারতকে সহযোগী হিসেবে দেখুক এবং অবিলম্বে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসুক। শ্রীলঙ্কার সঙ্কটকালে ভারতের সাহায্যের উদাহরণ টেনে এনে তারা বলছেন, বাংলাদেশের জন্যও ভারতের সহযোগিতা অপরিহার্য।
আইনশৃঙ্খলার অবনতির উদাহরণ হিসেবে শেরপুরে থানায় হামলা ও অপরাধীদের পলায়নের মতো ঘটনা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন ‘জঙ্গলের রাজত্ব’-এ পরিণত হয়েছে। বিচারব্যবস্থা থেকে সংবাদমাধ্যম, সব ক্ষেত্রেই দমননীতি কার্যকর করা হচ্ছে। যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে।







