আইপিএলের আগে নিজের প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royel Challengers Bangalore) নিশানা করলেন ক্রিস গেল (Chris Gayle। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের অভিযোগ, দলে মাত্র তিন জন ক্রিকেটারকে গুরুত্ব দেওয়া হত। বাকিরা কথা বলতেই পারতেন না। সেই কারণে অনেকে বেঙ্গালুরুর দলকে নিজের দল বলে মনে করতে পারতেন না, এমনটাই গেলের অভিযোগ।
আইপিএলের সম্প্রচারকারী অ্যাপে একটি সাক্ষাৎকারে গেল বলেছেন, “দলের এক জন প্রধান ক্রিকেটার হিসাবে আমি আকর্ষণের কেন্দ্রে ছিলাম। তাই আমাকে কেউ খুব একটা ঘাঁটাত না। কিন্তু দলের অনেক ক্রিকেটার গুরুত্ব পেত না। ওরা কথা বলতেই পারত না। আলাদা আলাদা থাকতে হত”।
গেলের কথায়, তিনি ছাড়া বিরাট কোহলি (Virat Kohli) ও এবি ডিভিলিয়ার্সকেই (AB Devilliers) ম্যানেজমেন্ট গুরুত্ব দিত। ফলে অনেক ক্রিকেটার নিজেদের আরসিবির সদস্য বলে ভাবতে পারতেন না। তিনি বলেছেন, “তিন জন ক্রিকেটারই আকর্ষণের কেন্দ্র ছিল। আমি, বিরাট ও ডিভিলিয়ার্সের কথার গুরুত্ব ছিল। কিন্তু বাকিরা নিজেদের দলের অঙ্গ বলে মনে করতে পারত না। এর প্রভাব ওদের মানসিকতায় পড়ত। সেই কারণে ট্রফি জেতা আরও কঠিন হয়ে পড়ত”।
শনিবার আরসিবি জানিয়েছে, গেল ও ডিভিলিয়ার্সকে সম্মান জানাতে তাঁদের জার্সি নম্বর আর কোনও ক্রিকেটারকে তারা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএলের দলের হয়ে গেল ৩৩৩ ও ডিভিলিয়ার্স ১৭ নম্বর জার্সি পরতেন। দলের এই সিদ্ধান্তে খুশি গেল। আরসিবির সঙ্গে যে তাঁর একটা একাত্মতা রয়েছে সে কথাও ইউনিভার্স বস জানিয়েছেন।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে খেলেছেন গেল। এই সময়ের মধ্যে এই বাঁ হাতি ওপেনার ৮৫টি ম্যাচে ৩১৬৩ রান করেছেন। তিনি ৫টি শতরান করেছেন। বিরাট ও ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। ২০১৬ সালে দলকে ফাইনালে তুলতে গেল বড় ভূমিকা নিয়েছিলেন।
৩১ মার্চ থেকে এ বারের আইপিএল শুরু হতে চলেছে। আরসিবির প্রথম খেলা ২ এপ্রিল। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোহলিরা খেলতে নামবেন।







