আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়মন্ড লিগের চূড়ান্ত পর্ব। ভারতের দুই শীর্ষ অ্যাথলিট নীরজ চোপড়া ও অবিনাশ সাবল এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।
দুইবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবার ডায়মন্ড লিগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লুজান ও দোহায় দুর্দান্ত পারফর্মেন্সের পর তিনি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন। লুজানে নীরজ ৮৯.৪৯ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে দ্বিতীয় স্থান দখল করেন, আর দোহায় তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৩৬ মিটার। নীরজের স্থিতিশীল পারফর্মেন্স তাঁকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে পৌঁছে দেয়। সাথে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
এশিয়ান গেমস স্বর্ণপদকজয়ী অবিনাশ সাবল পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে তিনি ১৪তম স্থান অর্জন করেন। তবে এবার ব্রাসেলসের চূড়ান্ত পর্বে তাঁর লক্ষ্যে থাকবে আরও ভালো পারফর্মেন্স এবং নতুন রেকর্ড গড়ার।
ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। কারণ নীরজ ও অবিনাশ দুজনেই তাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন।







