২০২৩ সালের ২ জুন মুক্তি পেয়েছিল বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অর্ধাঙ্গিনী। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন চুর্ণি গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। দুই বছর পূর্ণ হওয়ার আগেই ঘোষণা এল ছবির সিক্যুয়েল অর্ধাঙ্গিনী ২। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, এবারেও পুরনো চরিত্রদের নিয়েই নতুন মোড়কে বোনা হচ্ছে গল্প।
আগামী জুন মাসের মাঝামাঝি শুরু হবে ছবির শুটিং। তার আগে পর্দার মেঘনা অর্থাৎ জয়া আহসানকে একটি খোলা চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানালেন পরিচালক নিজেই। সেই চিঠি জয়া শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। চিঠির উত্তরে জয়া লেখেন,”আজও অর্ধাঙ্গিনী! যেখানে শেষ হয়েছিল শুভ্রা-মেঘনার গল্প, সেখান থেকেই শুরু হবে আবার! আজ বদলে যাওয়া সময়ের ভুল ভুলাইয়ায় আটকে গিয়েছে দুই নারী! সুমন চ্যাটার্জির প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবার বড়ো পর্দায়! দুবছর পরও সব একই থাকবে সেটা আশা করাটা কি ঠিক হবে?”
চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে ওপার বাংলার শিল্পীদের নিয়ে কাজ করা কিছুটা চ্যালেঞ্জের হয়ে উঠতে পারে কি না-এই প্রশ্নে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন,”জয়া আমার কাছে একজন অভিনেত্রী। আমি যেকোনও পরিস্থিতিতেই ওঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত। পাক তারকারা ভারতে নিষিদ্ধ হলেও, বাংলাদেশের ক্ষেত্রে এখনও তেমন কিছু ঘটেনি। যদি কোনওদিন সেই পরিস্থিতি তৈরি হয়, তখন ভাবা যাবে। অর্ধাঙ্গিনীর ধারাবাহিকতায় চরিত্র বদল সম্ভব নয়।”
প্রসঙ্গত, ২৫ মে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে প্রথম জল্পনা শুরু হয় সিক্যুয়েল নিয়ে। সেখানে দুটি ঘড়ি, শাঁখা-পলা ও কিছু গহনার ছবি পোস্ট করে তিনি লেখেন,”দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিলো….তবু….কেমন যেন আলাদা আলাদা সব!” এই পোস্টটি স্পষ্ট ইঙ্গিত দেয়, ফের পর্দায় ফিরছে মেঘনা-শুভ্রার গল্প। ‘অর্ধাঙ্গিনী ২’ এবার কেমন চমক নিয়ে আসছে, সেটাই এখন দেখার।







