দেশরাজনীতিরাজ্য

জিএসটি কাঠামোয় ভূমিকম্প, মমতার চাপে দিল্লির টেবিল টলল?”

৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণায় কার্যত পাল্টে গেল কর কাঠামো। আসছে ২২ সেপ্টেম্বর থেকে একাধিক পণ্যে জিএসটি কমছে। সবচেয়ে বড় পরিবর্তন—স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় আর কোনও কর দিতে হবে না। এতদিন যেখানে ১৮% কর ধার্য হত, তা পুরোপুরি বাতিল। অর্থাৎ টার্ম লাইফ, ইউএলআইপি, এনডাওমেন্ট—সব ধরনের পলিসি, এমনকি ফ্যামিলি ফ্লোটার থেকে প্রবীণ নাগরিক বিমা—সবই জিএসটি মুক্ত। সরকারের দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ঘাড়ের বোঝা হালকা করবে, বিমা পরিষেবা পৌঁছে দেবে আরও বেশি মানুষের কাছে।

শুধু বিমা নয়—রুটি, দুধ, পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যও করমুক্ত। ঘি, মাখন, নুডলস, বিস্কুট, সস প্রভৃতিতে জিএসটি নামল ৫%-এ। চিকিৎসা সামগ্রী—থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, গ্লুকোমিটার, চশমা—সবেতেই কর কমল। কৃষিক্ষেত্রে ট্র্যাক্টর থেকে কীটনাশক—সবকিছুতেই ছাড়, দাম কমতে পারে বাজারে সবজিরও। ইলেকট্রনিক্স ও যানবাহন খাতে এসি, টিভি, ছোট গাড়ি, ট্রাক, ৩৫০ সিসির কম বাইকে কর ১৮% এ নামানো হল। শিক্ষার্থীদের খাতা, পেনসিল, রবার—সবই একেবারে ট্যাক্স ফ্রি। তবে সিগারেট, গুটখা, কোল্ডড্রিঙ্কস, দামি গাড়ি ও ৩৫০ সিসির বেশি বাইকের ক্ষেত্রে করহার ৪০%-এ চড়ল।

এই ঘোষণার পরেই রাজনৈতিক তরজা শুরু। তৃণমূল কংগ্রেসের দাবি—এ জয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফল। মুখ্যমন্ত্রী গত বছর অর্থমন্ত্রীকে চিঠি লিখে বিমা প্রিমিয়ামে করকে “গণবিরোধী” আখ্যা দিয়েছিলেন। এবার নাকি সেই চাপেই কেন্দ্র নতিস্বীকার করল। দলের বক্তব্য—“শুরু থেকে মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন। শেষমেশ মোদী সরকার বাধ্য হলো মাথানত করতে। মানুষই জিতল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.