তাকিয়ে ছিলেন মেয়ের সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের দিকে। কিন্তু, লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তাররা না করায় হতাশ হন আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁদের বক্তব্য, বৈঠকটা হলে ভাল হত। কোনও সমাধান এর মারফত বেরোত বলেই ভরসা ছিল তাঁদের।
এর সঙ্গে, মেয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। মেয়ের মৃত্যুর তদন্ত প্রসঙ্গে সংশয় প্রকাশ করে নির্যাতিতার মা-বাবা জানান, ‘মেয়ের তদন্ত কোন পর্যায়ে আমরা তা বুঝতে পারছি না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে লেখা চিঠিরও এখনও উত্তর পাইনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছাত্রদের মিটিং হওয়ার কথা ছিল, সেটাও ভেস্তে গিয়েছে। তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকেই এখন চেয়ে আছি।’
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের জুনিয়র ডাক্তাররা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, ‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, যাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাঁদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম।’
শর্তযুদ্ধে বৈঠক ভেস্তে যায়। এহেন আবহে ‘অব্যবস্থা’ দূর করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়েও তাঁকে মেইল করেন জুনিয়র চিকিৎসকরা।







