দলীপ ট্রফি ২০২৪-এ অনন্য কৃতিত্ব অর্জন করে ইতিহাসের পাতায় নাম লেখালেন অভিমন্যু ঈশ্বরন। ভারত বি ও ভারত সি-এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বি দলের অধিনায়ক ঈশ্বরন ১৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে বিরল একটি রেকর্ড গড়েন। ২১ বছর পর তিনিই প্রথম খেলোয়াড় যিনি দলীপ ট্রফির একটি ইনিংসে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন।
ভারত সি প্রথম ইনিংসে ৫২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর, ঈশ্বরন দলের হয়ে লড়াই চালিয়ে যান। তার ১৫৭ রানের ইনিংসের পাশাপাশি নরায়ণ জগদীশনের ৭০ রান বাদে অন্য কোনো ব্যাটার বড় স্কোর করতে ব্যর্থ হন। দলের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৩২, যেখানে ভারত বি ১৯৩ রানে পিছিয়ে যায়।
ঈশ্বরন তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে দলীপ ট্রফির ৬৩ বছরের ইতিহাসে ৭ম খেলোয়াড় হিসেবে ইনিংসে শেষ পর্যন্ত ব্যাটিং করার বিরল রেকর্ড গড়েন। এর আগে আকাশ চোপড়া, ওয়াসিম জাফর ও গৌতম গম্ভীরের মতো কিংবদন্তি ব্যাটাররা এই কৃতিত্ব অর্জন করেছিলেন।







