কলকাতা লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সের ম্যাচে সুরুচি সংঘকে ৫-০ গোলে উড়িয়ে দিল বিনো জর্জের দল। এই জয়ে লিগ টেবিলে তাদের অবস্থান আরও মজবুত হলো। দলের হয়ে জোড়া গোল করেন আমন সিক, অন্যদিকে পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং মহম্মদ রোশাল একটি করে গোল করেন।
মঙ্গলবার নিজেদের মাঠে সুরুচি সংঘের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। খেলার ৯ মিনিটের মাথায় আমনের প্রথম গোলেই এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপর ১৭ মিনিটে বিষ্ণুর দারুণ গোলে ২-০ লিড নেয় দল। ম্যাচের ২৬ মিনিটে জেসিনের গোল সুরুচিকে আরও চাপে ফেলে। প্রথমার্ধের শেষদিকে, ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের হয়ে চতুর্থ গোলটি করেন আমন।
দ্বিতীয়ার্ধে সুরুচি সংঘ মরিয়া রক্ষণ করার চেষ্টা করলেও, ৭২ মিনিটে রোশালের গোল সুরুচির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪০। ১৪ ম্যাচের মধ্যে ১৩টি জিতে একটিও হারেনি তারা, ড্র করেছে মাত্র একটি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের ১৩ ম্যাচে পয়েন্ট ৩৫। এমন দুর্দান্ত ফর্মে থাকা ইস্টবেঙ্গলকে এখন রোখা মুশকিল, সমর্থকদের মনে তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আরও জোরালো।







