কর্মবিরতি তুলে নেওয়া এখনই হচ্ছে না। বরং আরও কিছু আর্জি তাঁদের। মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে বুধবার ফের তাঁরা মেইল পাঠালেন নবান্নে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে চার ও পাঁচ নম্বর পয়েন্টের এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।
প্রধানত, হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেট কালচার নিয়ে আলোচনা চেয়েছিলেন তাঁরা। উক্ত বিষয়ে মুখ্যসচিবকে মেইল করা হবে বলেও জানানো হয়। এবার আজ, বেলা ১১.১৯ নাগাদ রাজ্যের মুখ্যসচিবকে ই-মেইল দিলেন জুনিয়র চিকিৎসকরা।
চিঠিতে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের শেষ বৈঠকের প্রসঙ্গে আমরা আবারও বলতে চাই যে আমাদের পাঁচ দফা দাবির মধ্যে কিছু মূল বিষয় ছিল, যা অমীমাংসিত ছিল। বিশেষ করে আমাদের ৪র্থ এবং ৫ম পয়েন্ট, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা, হাসপাতালগুলিতে বিরাজমান হুমকি সংস্কৃতির বিষয়ে। সভায় আমাদের আশ্বস্ত করা হয়েছিল, এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনার সভাপতিত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। এটির প্রণয়ন এবং কার্যকারিতা নিয়ে আমাদের সঙ্গে আরও আলোচনা করা হবে। আমরা আজ এই বিষয়ে আপনার এবং টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসতে চাই। আমরা আপনার ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়া, রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। এই ব্যাপারে বিশদে আলোচনা চাইছেন চিকিৎসকরা।







