রাজনীতি

হাইকোর্টে জামিন, পরদিনই বিজেপির টিকিট! ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কলকাতা বন্দরে মাঠে রাকেশ সিং — কী বললেন ফিরহাদ?

হাইকোর্ট থেকে জামিনের পরই জল্পনা বাড়ছিল—রাজনীতিতেই কি বড় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি? অবশেষে বুধবার বিজেপির ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ হতেই সেই জল্পনার ইতি। দেখা গেল, সদ্য জেলমুক্ত রাকেশ সিং-কে কলকাতা বন্দর থেকে প্রার্থী করেছে বিজেপি। এই আসনেই তৃণমূলের হয়ে লড়ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নাম ঘোষণা হতেই প্রচারের মাঠে নেমে পড়েছেন রাকেশ সিং। কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে তাঁর নাম সামনে আসতেই ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া তীব্র, একইসঙ্গে তাচ্ছিল্য-ভরা।

“কে রাকেশ সিং! আমি তো চিনি না”—প্রতিদ্বন্দ্বীকে খোঁচা ফিরহাদের
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে ফিরহাদ বলেন,
“কে রাকেশ সিং! রাকেশ সিংটা কে? একবার নাকি অন্য পার্টি থেকে দাঁড়িয়েছিল? আমি ঠিক জানি না। পোর্টের মানুষকে চিনি, প্রার্থীদের নয়।”

তিনি আরও যোগ করেন,
“বোধহয় কোনও আগের নির্বাচনে দাঁড়িয়েছিল, আর বোধহয় জামানতও বাজেয়াপ্ত হয়েছিল। ইনি সেই রাকেশ সিং কি না, জানি না। আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি মানুষের পাশে থাকব, আশীর্বাদ পেলে সেবা করব।”

মৌলালিতে ভাঙচুর, অস্ত্র আইন—বিতর্কে ঘেরা রাকেশ সিং
মৌলালির কংগ্রেস দফতরে ভাঙচুর ও রাহুল গান্ধির পোস্টারে কালি লাগানোর অভিযোগে বহুদিন ধরেই খবরে ছিলেন রাকেশ সিং। অভিযোগ, বিহারে রাহুল গান্ধির এক মিছিলে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেই কলকাতায় কংগ্রেসের সদর দফতরে হামলা চালানো হয়।

ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে গত বছরের সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতার হয় আরও কয়েকজন নেতা এবং তাঁর ছেলে শিবম সিংও, যদিও শিবম পরবর্তীতে জামিন পান।

রাকেশ সিংয়ের জামিন মঞ্জুর হয়নি—এমন অবস্থার মধ্যেই চলছিল বিচার। অবশেষে ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। মঙ্গলবার তিনি জেলমুক্ত হন।

জেল থেকে বেরিয়েই সরাসরি প্রার্থী তালিকায়
জামিনের ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম। কলকাতা বন্দর—যা সাধারণভাবে ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত—সেখানেই তাঁকে দাঁড় করিয়ে পাল্টা চমক দিল বিজেপি।

প্রসঙ্গত, আগের বিধানসভা নির্বাচনের সময়ও রাকেশ সিংয়ের কলকাতা বন্দর থেকে প্রার্থী হওয়ার জল্পনা ছিল। কিন্তু সে বার পুলিশের গ্রেফতারে তা সম্ভব হয়নি।

এবার বন্দর আসনে হাইভোল্টেজ লড়াই!
একদিকে তৃণমূলের অভিজ্ঞ নেতা ও শক্ত ঘাঁটির কাণ্ডারি ফিরহাদ হাকিম, অন্যদিকে বিতর্কের কেন্দ্রে থাকা সদ্য জেলমুক্ত বিজেপি নেতা রাকেশ সিং—
২০২৬-এর লড়াইয়ে কলকাতা বন্দরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.