কেরলে গণধর্ষণের শিকার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এক তরুণীকে ঘিরে নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি সামনে আসার পরই বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার সদস্যের একটি প্রতিনিধি দল কেরলে পৌঁছেছে। সেখানে নির্যাতিতার পাশে থাকার পাশাপাশি আইনি ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে ১৮ অগস্ট। কেরলে কর্মরত ওই ১৭ বছরের তরুণীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। জানা গেছে, প্রায় ছ’মাস আগে দাদু-দিদার সঙ্গে থাকার জন্য তিনি কেরলে গিয়েছিলেন এবং দেড় মাস আগে একটি শপিং মলে কাজে যোগ দেন। পরিবার সূত্রে জানা যায়, কাজ থেকে ফেরার সময়ই তাকে অপহরণ করা হয়। এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার পেছনে কেন্দ্রীয় সরকার ও বিজেপির প্রশ্রয় রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী একাধিক ভাতা ও প্রকল্প চালু করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিনিধি দলের কেরল সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।







