সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগের জেরে মাঝপথ থেকেই দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দিল্লি থেকে রিয়াধগামী এয়ার ইন্ডিয়ার AI2243 বিমানটি প্রায় দু’ঘণ্টা আকাশে থাকার পর গন্তব্যের পরিবর্তে ফিরে আসে দিল্লিতে। সূত্রের খবর, সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলার পর তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিমান চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে দিল্লি থেকে উড়ান শুরু করে AI2243। কিন্তু রিয়াধের দিকে যাওয়ার পথে মাঝআকাশেই গতিপথ পরিবর্তন করে বিমানটি। এরপর সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। আচমকা এই সিদ্ধান্তের জেরে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
শুধু এয়ার ইন্ডিয়া নয়, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে সৌদি আরবের রাজধানী রিয়াধ থেকে আসা এবং রিয়াধগামী একাধিক বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো এবং আকাসা এয়ার—এই চারটি বিমান সংস্থা সৌদি আরবের সঙ্গে যুক্ত কিছু উড়ান পরিষেবা স্থগিত বা বাতিল করেছে বলে জানা গিয়েছে।
ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের আবহে বিমান সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। তবে পরিষেবা স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







