সমাজ মাধ্যমে বার বার উঠে আসে কর্পোরেট দুনিয়ার নানান ঘটনা। কোথাও কর্মচারীদের প্রতি বাজে ব্যবহার, আবার কোথাও অতিরিক্ত কাজের চাপ। কিছুদিন আগেই অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়ে ছিলেন আর্নস্ট অ্যান্ড ইয়াং ইন্ডিয়া নামক সংস্থার কর্মী সেবাস্তিয়ান পেরাইল।
ফের এরকমই আরেক ঘটনার সাক্ষী হল লখনউ শহর। মঙ্গলবার HDFC ব্যাঙ্কে কর্মরত অবস্থায় অফিসের চেয়ারে বসেই রহস্য মৃত্যু এক মহিলার। নিহত কর্মী হলেন বছর ৪৫ এর সাদাফ ফাতিমা। তিনি ব্যাংকটিতে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তার এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। তার এই মৃত্যু নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সম্পূর্ণ ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। পাশাপাশি অখিলেশ এই বিষয়ে সমাজ মাধ্যমে আরও লেখেন, ‘মানুষ বাধ্যতামূলক হয়ে কাজ করছেন। চাকরিজীবীদের অবস্থা বন্ডেড লেবারদের চেয়েও খারাপ হয়ে গেছে। তাদের কথা বলার অধিকার নেই। সরকার সমস্যা সমাধানের পরিবর্তে ভিত্তিহীন আলোচনা করছেন।’
শুধু অখিলেশ নয় ফাতিমার মৃত্যু নিয়ে সরব হয়েছেন তার সহকর্মীরাও। তাদের এক অংশ দাবি করেছেন ‘ কাজের চাপের মধ্যে ফাতিমা ছিলেন। ব্যাংকের ভেতরে চেয়ার থেকে পড়ে গিয়ে অফিসের মধ্যেই পড়ে যায়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।’
এই ঘটনা সম্পর্কে এক স্থানীয় পুলিশকর্মীকে প্রশ্ন করলে তিনি বলেন,’ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।’ তবে প্রশ্ন এটাই উঠছে যে মানসিক চাপেই কী মৃত্যু হল ফাতিমার । শুরু হয়েছে তদন্ত।







