অফবিট

পুজোর ছুটিতে ভাবছেন পুরীর কথা, কিন্তু কোথায় পাবেন ভালো খাবার, রইল খাবারের ৫ টি সেরা ঠিকানা

ব্যস্ততাময় জীবন থেকে পুজোর জন্য ছুটি বা অন্য কোন কারণে ছুটি পেলেই ভ্রমণ প্রিয় বাঙালিরা প্রস্তুত থাকেন “দি-পু-দা” তে যাওয়ার জন্য। অর্থাৎ দিঘা -পুরি -দার্জিলিং। অনেকেই আবার পুরীতে যাওয়ার কথা ভাবলেও পিছিয়ে পড়েন পুরীতে গিয়ে কি খাবেন, কোথায় খাবেন, আদৌ ঠিকঠাক খাবার পাবেন কিনা এই সব ভেবে। এবার চিন্তার অবসান ঘটাবে সময় ৩৬৫। আপনাদের জন্য নিয়ে এসেছে বাছাই করা ৫টি সুস্বাদু রেস্টুরেন্টের খোঁজ । তাহলে আর দেরি কিসের ঝটপট জেনে নিন,সেই সব রেস্টুরেন্ট গুলোর কথা।

১.পদ্মালয় রেস্টর‌্যান্ট: পুরীতে গিয়ে খাঁটি ওড়িয়া খাবার খেতে হলে ৪০ বছরের পুরনো পদ্মালয় রেস্টর‌্যান্টে যেতে পারেন। পুরীর সমুদ্র সৈকত থেকে গাড়িতে করে এই রেস্তরাঁয় যেতে সময় লাগবে মিনিট পনেরো। কলাপাতায় খাবার পরিবেশন করা হয় এখানে। এখানে গেলে চেখে দেখতে পারেন চুড়া কদম আর ডালমা। চিড়ে, খোয়া আর মালাই একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এই চুড়া কদম। সঙ্গে পরিবেশন করা হয় পাঁচমিশেলি ডাল, তিন রকমের সব্জি আর একটি মিষ্টির পদ। টক-মিষ্টি-ঝালের অদ্ভুত এক মেলবন্ধন রয়েছে এই থালিতে। এখানকার ছানার জিলিপি আর মালপোয়ার স্বাদও দারুণ। ১৫০ টাকা খরচ করলেই এখানে পেট ভরে খেতে পারবেন আপনি। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে চন্দনপুরের এই রেস্তরাঁটি।

২.ওয়াইল্ডগ্রাস রেস্টর‌্যান্ট: ওড়িয়া খাবারের পাশাপাশি উত্তর ভারতীয় খাবার খেতে চাইলে এই রেস্তরাঁয় একবার যেতে পারেন। এখানে গেলে ঘি-ভাতের সঙ্গে মাংসের ঝোল, চিল্কা ক্র্যাব বা কাঁকড়া কষা না খেলে পরে আফসোস করতে হবে। খুব বেশি মশলাদার না হলেও এখানকার খাবারের স্বাদ আপনার মন জয় করবেই। দু’জনের খরচ পড়বে প্রায় ৮০০টাকা থেকে ১০০০টাকার মতো। ভিআইপি রোডের রেস্তরাঁটি দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।

৩.দালমা রেস্টর‌্যান্ট: ভিআইপি রোডের এই রেস্তরাঁয় গেলে আপনি খাঁটি ওড়িয়া খাবারের খোঁজ পাবেন। এখানে গেলে পখালা থালি (পান্তা) খেতে ভুলবেন না যেন। পান্তার সঙ্গে পরিবেশন করা হবে বড়ি চুড়া, চিংড়ির পোড়া, সব্জি, মাছ ভাজা, ভর্তা আর চাটনি। এই পুরো খাওয়াদাওয়া করতে খরচ পড়বে ৩০০ টাকা-৩৫০ টাকা মতো। পান্তা ছাড়াও এখানকার মটনের পাতলা ঝোল-ভাতের স্বাদও মনে থেকে যাবে বহু দিন।

৪.মুন্না মটন পয়েন্ট: গ্র্যান্ড রোডের এই রেস্তরাঁ মটন-ভাতের জন্য বেশ জনপ্রিয়। কলাপাতায় ঘিয়ে মাখা ভাত, মাটির ভাঁড়ে পাঠার মাংস আর রায়তা। ২২০ টাকায় এই থালি কিন্তু আপনার মন জয় করবেই। বুধ, শুক্র ও রবিবারে গেলে বিরিয়ানিও পেয়ে যাবেন। এখানে কিন্তু খাবারের খুব বেশি বৈচিত্র পাবেন না। তবে চিকেন থালি বা মটন থালি আপনার মন জয় করবেই।

৫.স‌ং অফ বেঙ্গল: পুরীর সমুদ্রসৈকত থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে হোটেল পুলিন পুরী। এই হোটেলের একতলায় পেয়ে যাবেন সং অফ বেঙ্গল রেস্তরাঁটি। রেস্তরাঁর পরিবেশে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। পুরীতে ভাল বাঙালি রেস্তরাঁর খোঁজ করলে এই রেস্তরাঁটিকে রাখতেই পারেন পছন্দের তালিকায়। ইলিশ, চিতল, চিংড়ির রকমারি পদ পেয়ে যাবেন এই ঠিকানায়। মাছপ্রেমী হলে এই রেস্তরাঁটি কিন্তু পছন্দের তালিকায় রাখতেই পারেন। এখানকার মেনুতে পেয়ে যাবেন রকমারি নিরামিষ পদও। চেখে দেখতে পারেন মুরগি, পাঁঠার বিভিন্ন পদও। আর শেষপাতে যদি পড়ে নলেন গুড়ের আইসক্রিম, তা হলে তো কথাই নেই।

তাহলে আর দেরি কিসের, সব তথ্যই পেয়ে গেলে এবারের পূজোর ছুটিতে যারা যারা ভাবেছেন পুরীতে যাবেন । এবার তাদের জন্য সেরা গন্তব্য স্থল হতে চলেছে পুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.