দেশরাজ্য

ট্রেনের দুনিয়ায় নয়া বিপ্লব, দেশের দ্রুততম ট্রেন আনছে রেল, গতি হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার

ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন বিপ্লব আসতে চলেছে। প্রিমিয়াম ট্রেনের কথা ভাবলেই এখন সবার আগে চোখের সামনে ভেসে ওঠে বন্দে ভারত এক্সপ্রেসের ঝকঝকে নীল-সাদা ছবি। সেই যাত্রায় এবার যুক্ত হচ্ছে আরও এক অনন্য পালক। ২০২৬ সালের এই বিশেষ দিনে (আজ) যেমন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়ে দীর্ঘ সফরের কষ্ট লাঘব করছে, তেমনই রেলমন্ত্রক এবার প্রস্তুতি নিচ্ছে ২০২৭ সালের জন্য। ওই বছরই ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারতের সবথেকে আধুনিক সংস্করণ ‘বন্দে ভারত ৪.০’।

এই নতুন ট্রেনের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর অবিশ্বাস্য গতি। রেল বিশেষজ্ঞ সুধাংশু মণি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বন্দে ভারত ৪.০ হবে ভারতের দ্রুততম ট্রেন, যা অনায়াসেই ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারবে। প্রাথমিকভাবে আহমেদাবাদ এবং মুম্বই রুটে এই সুপারফাস্ট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, রেলের লক্ষ্য আরও বড়। ভবিষ্যতে বিশেষ করিডোর তৈরি করে এই ট্রেনের গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে তাঁদের।

গতির পাশাপাশি সুরক্ষাতেও কোনো আপস করছে না রেল। নতুন এই ৪.০ ভার্সনে থাকবে লেটেস্ট ‘কবচ ৫.০’ সুরক্ষা কবচ। ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি প্রথম এই ট্রেনের পথ চলা শুরু হয়েছিল। এরপর ২০২২ সালে এল ২.০ ভার্সন এবং গত বছর অর্থাৎ ২০২৫-এ ৩.০ ভার্সন। আজ চালু হওয়া স্লিপার বন্দে ভারতের পর ২০২৭-এর এই চতুর্থ সংস্করণটি ভারতীয় রেলের খোল নলচে বদলে দেবে বলে মনে করা হচ্ছে।বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ১৬৪টি বন্দে ভারত ছুটছে। রেলমন্ত্রকের নীল নকশা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আরও ৮০০টি এবং ২০৪৭ সাল অর্থাৎ ভারতের স্বাধীনতার ১০০ বছরে এই ট্রেনের সংখ্যা সাড়ে চার হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আরাম, নিরাপত্তা আর গতি এই তিনের মিশেলে বন্দে ভারত ৪.০ যে আকাশছোঁয়া সাফল্য পাবে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.