ছত্তিশগড়ের বিলাসপুরে ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। রবিবার রাতে বিলাসপুর-কাটনি বিভাগের লাল খাদান এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ঘটে।
রেল সূত্রে জানা গিয়েছে, কোরবা-গন্ডিয়া যাত্রীবাহী ট্রেনটি ট্র্যাকে দাঁড়িয়ে থাকাকালীন পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই প্রবল ছিল যে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি একে অপরের উপর উঠে যায়।
এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেল ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। দুর্ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে।
রেল কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।







