চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিবার আইপিএলে মরসুমের শেষ ম্যাচ খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ শেষে টিভি স্ক্রিনে ভেসে উঠল ‘শেষবার?’ গ্রাফিক্স, ক্যামেরা নজর রাখল কেবল এক জনের উপর— ধোনি। সকলের মনে প্রশ্ন, এটাই কি শেষবার? কিন্তু বরাবরের মতো নিজের স্টাইলে ধোনি সেই প্রশ্নে রেখে দিলেন ধোঁয়াশা। তিনি অবসর ঘোষণা করলেন না, আবার ফেরার আশ্বাসও দিলেন না। শুধু বললেন, “আমার হাতে এখনও চার-পাঁচ মাস সময় আছে।”
পুরস্কার বিতরণীর মঞ্চে হর্ষ ভোগলের প্রশ্নে হালকা হাসি দিয়ে ধোনির উত্তর, “শরীরটা ঠিক রাখতে হবে, নিজের সেরাটা দিতে হবে। পারফরম্যান্স নয়, সিদ্ধান্তটা সময় নিয়ে নেব।” এক্ষেত্রে স্পষ্ট ইঙ্গিত, অবসরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি ক্রিকেটীয় দক্ষতার চেয়েও মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দিতে চান। তবে একান্তে তিনি মেনে নিচ্ছেন, বয়সের ভার খানিকটা অনুভব করছেন।
ধোনি বলেন, “রাজস্থানের এক ক্রিকেটার আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। জানতে পারলাম, ও আমার থেকে ২৫ বছর ছোট। মাঝে মাঝে সত্যিই মনে হয়, অনেক বুড়িয়ে গিয়েছি।” তবে অবসর জল্পনার মাঝে চেন্নাই দল নিয়ে আশাবাদী ধোনি। তিনি জানালেন, কয়েকটা ফাঁক ভরাট হলেই দল আরও শক্তিশালী হয়ে ফিরবে।
এই ধোঁয়াশা কিন্তু ধোনির চিরকালীন কৌশল— মাঠে যেমন ঠান্ডা মাথা, বাইরে তেমন হিসেবি সিদ্ধান্ত। ক্রিকেট বিশ্ব তাই অপেক্ষায় থাকল ‘ক্যাপ্টেন কুল’-এর চূড়ান্ত ঘোষণার।







