তাঁর অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। ‘ফেলুদা’র আচমকা কী হল তা জানতে মরিয়া হয়ে উঠেছে অনেকেই। তবে ভক্তরা কিছুটা আশ্বস্ত হবেন এই খবর শুনে যে সব্যসাচী চক্রবর্তী আগের থেকে কিছুটা ভাল আছেন। তবে পুরোপুরি বিপদ কাটেনি তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বুধবার সন্ধেয় তাঁর অস্ত্রোপচার হয়েছে, বুকে পেসমেকার বসেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যাথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ফেলুদা’। শনিবার রাতে ধুমধাম করে নাতি ধীরের জন্মদিন পালন করেছেন বেণুদা। হঠাৎ হলটা কি তাঁর? চিন্তায় ঘুম উড়েছিল ভক্তদের। অবশেষে তাঁর স্বাস্থ্য নিয়ে সামনে এল আপডেট।
আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবেন চিকিৎসকরা। বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি ফেলুদা।
সম্প্রতি নাতি ধীর-এর অন্নপ্রাশনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। জাঁকজমক করে সেই অনুষ্ঠান হয়। যেখানে সব দিকে কড়া নজর ছিল ফেলুদার। আর সেই অনুষ্ঠানের দিন দুয়েক কাটতে না কাটতেই অসুস্থ সব্যসাচী চক্রবর্তী। ফেলুদা অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় রত।







