মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ছন্দে ছুটছে থালাপথি বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’। রাজনীতিতে পূর্ণকালীনভাবে প্রবেশের আগে এটি বিজয়ের শেষ সিনেমা হওয়ায় ছবিটিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশারই প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটির আয় পৌঁছে গিয়েছে ২১৭ কোটি টাকায়।
ছবিটি মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিংয়ে নজির গড়েছিল। কোটি কোটি টাকার টিকিট বিক্রির পর প্রথম দিন বিশ্বজুড়ে ৭৮ কোটি টাকার ব্যবসা করে ‘জন নয়গান’। যদিও উদ্বোধনী দিনের আয় প্রত্যাশিত ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারেনি, তবুও সপ্তাহান্তে দর্শকদের ভিড়ে ঘুরে দাঁড়ায় সিনেমাটি।
দেশীয় বাজারে শুক্রবার কিছুটা গতি কমলেও শনিবার ও রবিবারে আবারও বাড়ে আয়। চার দিনে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২৪ কোটি টাকা। অন্যদিকে বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে ‘জন নয়গান’। বিশেষ করে উত্তর আমেরিকায় প্রথম দিনেই ২ মিলিয়ন ডলারের বেশি আয় করে ছবিটি। অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে বৈদেশিক আয় পৌঁছেছে প্রায় ৭.৫ মিলিয়ন ডলারে।
সব মিলিয়ে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকার ব্যবসা করে চলতি বছরে তামিল সিনেমার অন্যতম বড় সাফল্যের তালিকায় জায়গা করে নিয়েছে ‘জন নয়গান’। সুরিয়ার ‘কারুপ্পু’-র পর এটি দ্বিতীয় তামিল ছবি, যা ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
এইচ. বিনোথ পরিচালিত এই ছবির মুক্তি প্রথমে জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও সেন্সর সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে যায়। পরে মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং বিজয়ের জনপ্রিয়তার জোরে ছবিটি বক্স অফিসে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।
‘জন নয়গান’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারায়ণ। বিজয়ের অভিনয় জীবনের সম্ভাব্য শেষ অধ্যায় হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আবেগও বক্স অফিসের সাফল্যে বড় ভূমিকা রাখছে।







