সোমবার উত্তরপ্রদেশের কানপুরের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত গাড়ির চালক সহ বেসরকারি কলেজের চারজন পড়ুয়া।কানপুর শহরের কাছেই হাইওয়ের উপর দুটি দ্রুতগতির ট্রাকের মাঝে চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় কলেজগামী ছাত্রছাত্রীদের গাড়ি। ঘটনাটি ঘটেছে রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর।
বিশেষ সূত্রে জানা গেছে, ছাত্রছাত্রীরা গাড়ি করে তাদের কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধার করার আগেই দুর্ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি।
মৃতরা হলেন কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী আয়ূষী প্যাটেল, কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী গরিমা ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র সতীশ কুমার এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র প্রতীক সিং। এছাড়া চালক বিজয় সাহু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের দিকে যাওয়া একটি অচেনা গাড়িতে উঠেছিলেন ওই চার জন পড়ুয়া। পাঙ্কির কাছাকাছি আসার আগেই তাঁদের গাড়ির আগে চলা একটি ডাম্পার ট্রাক আচমকা ব্রেক কষে। গতি নিয়ন্ত্রন করতে না পারায় ছোট্ট গাড়িটি ট্রাকের পেছনে আঘাত করে। ঠিক তখনই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পড়ুয়াদের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। দ্রুতগতিতে ধাক্কা দেওয়ার ফলে ছোট গাড়িটি দুটি বড় বিশাল গাড়ির মাঝে চেপ্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের।
পলাতক দুই ট্রাকের চালকই, ইতিমধ্যেই ট্রাক দুটিকে আটক করেছে পুলিশ। পাঁচজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।







