বলিউডের জনপ্রিয় দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা অবশেষে তাঁদের জীবনের সবচেয়ে আনন্দের খবরে সিলমোহর দিলেন। বুধবার রাতে তাঁরা সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। সোমবার রাতে একটি দোলনার ছবি শেয়ার করেন এই দম্পতি, যার গায়ে লেখা ছিল,”সন্তান আসছে”। রাজকুমার ছবির ক্যাপশনে লেখেন,”উচ্ছ্বসিত”। সংক্ষিপ্ত হলেও তাঁর আবেগভরা বার্তা নেটপাড়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
তবে এ খবরে ভক্তরা যেমন খুশি, তেমনই বলিউড তারকারাও শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেন। বরুণ ধাওয়ান, সোনম কাপুর, পুলকিত সম্রাট, নেহা ধুপিয়া সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। সবচেয়ে মজার মন্তব্যটি করেন ফারাহ খান। তিনি লেখেন,”যাক, শেষমেশ খবরটা প্রকাশ্যে এল! এতদিন ধরে এই খবর চেপে রাখতে নিজেকেই চাপ লাগছিল… শুভেচ্ছা!” উল্লেখ্য, রাজকুমার ও পত্রলেখার প্রেম শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ এক দশকের সম্পর্কের পর ২০২১ সালে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। প্রেম, বন্ধুত্ব ও আস্থার সুদীর্ঘ সফর শেষে এবার তাঁরা পা রাখছেন নতুন এক অধ্যায়ে, পিতৃত্ব ও মাতৃত্বের পথে।
চলতি বছরের শুরুতেই একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা ইঙ্গিত দিয়েছিলেন “বিশেষ কিছু”র। অনেকেই ভেবেছিলেন সন্তানেরই ঘোষণা আসছে। যদিও তখন রাজকুমার নিজেই জল্পনায় জল ঢেলেছিলেন। কিন্তু অবশেষে জুলাই মাসে এসে সেই গুঞ্জনেই মোহর লাগল। নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত এই তারকা দম্পতি। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বলিউডও এখন অপেক্ষায় রাজ-পত্রলেখার ছোট্টো অতিথিকে স্বাগত জানানোর।







