বিনোদন

‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে ফের কমেডির মোড়কে বড়োপর্দায় অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি

‘মির্জা’-র সাফল্যের পর ফের একবার পরিচালক জুটি সুমিত-সাহিলের সঙ্গে হাত মিলিয়ে পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে এবার ধাঁচটা একেবারে ভিন্ন। গা ছমছমে থ্রিলার নয়, বরং মন খুলে হাসির খোরাক দিতে আসছে নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই ছবির কেন্দ্রে রয়েছে একটি টানটান কমেডি ঘরানার গল্প, যেখানে দর্শক অঙ্কুশকে দেখতে পাবেন একেবারে এক অন্যরকম চরিত্র অবোধ, কিছুটা ভীতু ‘ঝন্টু’ হিসেবে। তাঁর বিপরীতে রয়েছেন বাস্তব জীবনের সঙ্গিনী, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

নারীর জটিল মানসিক গঠন ও সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যেও হাস্যরস বজায় রেখেই ছবির গল্প এগোবে বলে জানা গিয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায় ও নবনীতা মালাকার। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকে, যিনি অঙ্কুশের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় পর্দায় আসবেন এবং তাঁর চরিত্রটিতেও থাকবে দুর্দান্ত কমেডির ছোঁয়া। অঙ্কুশ হাজরা এবারও প্রযোজকের ভূমিকায় রয়েছেন ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে যৌথভাবে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র।

নারী দিবসের দিন প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার, যেখানে দেখা যায়, ঝন্টু চরিত্রে অঙ্কুশ রাস্তায় বসে কানে আঙুল দিয়ে বসে আছেন, আর তাঁর পিছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে ঐন্দ্রিলা সেন। এই এক ঝলকে বোঝা যায়, ছবির গল্পে হাসির মোড়কে থাকছে সম্পর্কের টানাপোড়েন ও ব্যঞ্জনা। সব মিলিয়ে ‘নারী চরিত্র বেজায় জটিল’ হতে চলেছে এই বছর টলিউডের অন্যতম আলোচিত কমেডি ছবি, যা উপভোগ করবেন সব বয়সের দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.