ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে তিনটা নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূতত্ত্ববিদদের মতে, এই ঘটনা সাধারণ ভূমিকম্পের তুলনায় ব্যতিক্রমী। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে সংঘটিত এই দুই কম্পনকে বিশেষজ্ঞরা ‘ডাবলেট’ নামে অভিহিত করছেন। তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, দ্বিতীয় ও অধিক শক্তিশালী ৭.৫ মাত্রার কম্পনটিই ছিল মূল ভূমিকম্প, আর তার আগে হওয়া ৭.২ মাত্রার কম্পনটি ছিল ‘ফোরশক’। সাধারণত বড় ভূমিকম্পের পরে আফটারশক দেখা যায়, কিন্তু এ ক্ষেত্রে ঘটেছে তার উল্টো চিত্র।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম ঝাঁকুনির পর থেকেই রাজধানীর একাধিক বহুতল ভবনে ফাটল দেখা দেয় এবং কোথাও কোথাও ধস নামতে শুরু করে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে। মানুষ পরিস্থিতি বুঝে নিরাপদ স্থানে যাওয়ার আগেই দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
কারাকাসের বাসিন্দা ও ব্যাঙ্ককর্মী ওদালিস এসকালোনা তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “হঠাৎ দেখলাম সিঁড়িগুলো যেন ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। দেয়ালজুড়ে বড় বড় ফাটল দেখা দিল, আর ছাদ থেকে জিনিসপত্র ভেঙে পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”
ভূমিকম্পের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে একটি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যায়, যাত্রীরা নিজেদের কাজে ব্যস্ত থাকাকালীন আচমকাই গোটা টার্মিনাল প্রবলভাবে কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।






