পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জনতার সুবিধা-অসুবিধার কথা জানতে জেলায় জেলায় ঘুরছেন ‘দিদির দূত’রা। আর সেখানে মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে মানুষের কাছে গিয়ে ভুল শুধরে নেওয়ার বার্তাও দিয়েছেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
বাসিন্দাদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উবাচ, ‘মানুষ কথা বলছেন। তাঁরা কথা বলুন, এটাই আমরা চাই।’ অপরদিকে, সরব বিরোধীরাও। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোট সামনে বলেই এই ‘আত্মশুদ্ধি’র কথা শোনাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। ভোটকে সামনে রেখে তরজা এখন অব্যাহত!
উল্লেখ্য, তৃণমূলের বিশেষ কর্মী সম্মেলনের মঞ্চেই ঘোষণা করা হয় ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের। সংশ্লিষ্ট প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ ঘটাতে সামিল তৃণমূল কংগ্রেস। উক্ত প্রকল্পে তৃণমূলের সাড়ে ৩ লক্ষ স্বেচ্ছাসেবকের ‘দিদির দূত’ হয়ে রাজ্যের ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছনোর উদ্যোগ।







