নিজস্ব সংবাদদাতা | পাণ্ডুয়া:
ভোটের আগে জনসংযোগে আরও সক্রিয় তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির পাণ্ডুয়া ব্লকে নতুন সাংসদ অফিসের উদ্বোধন করল শাসকদল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের নেতা সঞ্জয় ঘোষ ও যুব নেতা দেবাশিস ঘোষ কে সাথে নিয়ে অনুষ্ঠানের মঞ্চ থেকেই এলাকার ক্ষুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, খাতা সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেন অভিনেত্রী সাংসদ। পাশাপাশি স্থানীয় বহু মহিলার হাতে নতুন শাড়িও প্রদান করা হয়। ওনার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, নির্বাচনের আগে এমন মানবিক উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এরপর আচমকাই পাণ্ডুয়া হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, কথা বলেন রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে। শোনেন চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সুবিধে-অসুবিধার কথাও। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়।
সাংসদ জানান, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধানে সর্বতোভাবে সহযোগিতা করব। ভোটের আগে রচনার এই একের পর এক কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।







