কলকাতা

সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সল্টলেকের সেক্টর ফাইভের একটি ফ্লেক্স তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ঢেকে ফেলে অফিস পাড়ার আকাশ। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

আগুন নেভানোর জন্য প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ইঞ্জিন এসে একে একে যোগ দেয়। অন্তত পাঁচটি দিক থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, কারখানাটিতে হলোগ্রাম তৈরির কাজ হত এবং সেখানে প্রচুর রাসায়নিক দ্রব্য মজুত ছিল। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানার ভেতরে কেউ আটকে নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং যাতে আগুন আর না ছড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে।
কারখানার বাইরে থেকেও আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। দাহ্য পদার্থ ঠাসা থাকায় দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। এক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্য জায়গায় ফের দাউদাউ করে জ্বলে ওঠে।

কিছুদিন আগেই বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও কিছু পকেট ফায়ার রয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.