দেশ

ন্যায়ের কণ্ঠস্বর: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য হাইকোর্টের বরাদ্দ মাসে ২৪,৮০০ টাকা

গুজরাট হাইকোর্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য এক ঐতিহাসিক রায় ঘোষণা করল। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২০২৫ সালের ১ এপ্রিল থেকে প্রায় এক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী মাসিক ২৪,৮০০ টাকা এবং সহায়িকারা ২০,৩০০ টাকা করে পাবেন। এতদিন কর্মীরা যথাক্রমে মাত্র ১০,০০০ ও ৫,৫০০ টাকা পেতেন। ফলে নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসবে।

ডিভিশন বেঞ্চের বিচারপতি এ. এস. সুপেহিয়া ও আর. টি. বচহানি জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের গুরুত্ব বিবেচনায় তাদের “ন্যূনতম মজুরি” নয়, বরং সম্মানজনক জীবনধারণের উপযুক্ত পারিশ্রমিক পাওয়া উচিত। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা ও শিশুদের স্বাস্থ্য-শিক্ষা ও পুষ্টির দায়িত্ব যাদের উপর, তাদের সামান্য ভাতার মধ্যে বাঁচতে বাধ্য করা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন বলে আদালত মন্তব্য করেছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে একক বেঞ্চের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি স্থায়ী কর্মচারীর সমতুল্য মর্যাদা দেওয়ার নির্দেশ ছিল। তবে ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে জানায়, ওই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের উপর অস্বাভাবিক আর্থিক চাপ পড়বে। নতুন রায়ে শুধু ভাতা বৃদ্ধি করা হলেও তা গোটা গুজরাটের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য প্রযোজ্য হবে। বকেয়া অংশও পরবর্তীতে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।

আদালত আরও স্পষ্ট করেছে, কর্মীদের কাজকে সরাসরি সরকারি শ্রেণি-তৃতীয় বা চতুর্থ কর্মীদের সঙ্গে তুলনা করা সম্ভব নয়। তবে তাদের সামাজিক অবদান অস্বীকার করা যায় না। তাই সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে তাদের জীবিকা নিশ্চিত করা। আদালত বলেছে, খরচ বাড়লেও এই ব্যয়ভার কেন্দ্র ও রাজ্য সরকার মিলেই বহন করবে।

অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন। নতুন নির্দেশ তাদের সব দাবি পূরণ না করলেও আর্থিক মর্যাদা বাড়বে নিঃসন্দেহে। একইসঙ্গে এই রায় ভবিষ্যতে দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.