নিজস্ব সংবাদদাতা: বিহারের পর এবার রাজধানী দিল্লিতে শুরু হতে চলেছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা নিবিড় পরিমার্জনের কাজ। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। যদিও কবে থেকে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলবে, সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
কী বলছে নির্বাচন কমিশন?
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) বক্তব্য অনুযায়ী,
যেসব ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাদের ইনুমুরেশন ফর্ম জমা দিয়ে বৈধ নথি দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে।
যদি কারও নাম তালিকায় থাকে, কিন্তু মা-বাবার নাম অনুপস্থিত, তবুও পরিচয় প্রমাণের কাগজ জমা দিতে হবে।
ভোটারদের সুবিধার জন্য দিল্লি সিইও-র অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা আপলোড করা হয়েছে।
অধিকারিকদের দাবি, “২০০২ সালের ভোটার লিস্ট ও ২০২৫ সালের ভোটার লিস্ট—দুটিতেই যদি কোনও নাম থাকে, তবে শুধু ইনুমুরেশন ফর্ম ও ২০০২ সালের লিস্টের অংশ জমা দিলেই হবে।”
কী কী নথি লাগবে?
বিহারের মতো দিল্লিতেও নাগরিকত্ব প্রমাণের জন্য ১১টি নথির মধ্যে একটি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
পাসপোর্ট
জন্মসনদ
জমির দলিলপত্র
ইত্যাদি।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
বুথে বুথে নামছেন বিএলও
দিল্লির প্রতিটি বিধানসভা আসনে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে তথ্য সংগ্রহ করবেন এবং এসআইআর প্রক্রিয়া চালাবেন।
বাংলার কী হবে?
গত মাসেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে জানিয়েছিলেন, খুব শীঘ্রই দেশজুড়ে এসআইআর শুরু হবে। তবে এখনও পর্যন্ত বাংলায় আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দিল্লিতে প্রক্রিয়া শুরু হওয়ায় এবার পশ্চিমবঙ্গেও তারিখ ঘোষণা নিয়ে জল্পনা বাড়ল।







