রাজনীতি

তৃণমূলের জন্ম নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদন:
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি।”

সাংবাদিকদের প্রশ্নে আরও স্পষ্ট করে শমীক বলেন, “আমরা জন্ম দিইনি। জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি অটলবিহারি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানী লেবার রুমে না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্মই হতো না।”

তৃণমূলের কড়া প্রতিক্রিয়া
বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “এসব কথার জাগলারি। তৃণমূল তৃণমূলের মতোই আছে। সারা বাংলা জুড়ে আছে। বিজেপি বাংলায় দুর্বল, নেই। আবার হারবে। নিজেদের হতাশা ঢাকতে এসব কথার খেলি করছে।”

সিপিএম ও কংগ্রেসের কটাক্ষ
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমরা বহুদিন ধরেই বলে আসছি, বিজেপিকে বাংলায় এনেছে তৃণমূল। আর তৃণমূলের জন্মদাতা আরএসএস। আজ বিজেপির রাজ্য সভাপতি নিজেই স্বীকার করলেন, তাদের হাত ধরেই তৃণমূলের জন্ম।”
কংগ্রেসও একই সুরে অভিযোগ তুলেছে, তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত বহু পুরনো, যা ফের প্রমাণিত হলো।

তৃণমূলের জন্মের ইতিহাস
১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাজপেয়ী সরকারের শরিক হন তিনি। একাধিকবার এনডিএ সরকারের মন্ত্রীও ছিলেন মমতা। পরবর্তী সময়ে কংগ্রেসকে পাশে নিয়েই ২০১১ সালে বাংলায় পরিবর্তনের সরকার গড়েন তিনি। এরপর থেকে ধাপে ধাপে প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি।

নির্বাচনের আগে রাজনীতির জল ঘোলা
বর্তমানে সিপিএম কার্যত প্রান্তিক শক্তিতে সীমাবদ্ধ। উল্টোদিকে ক্রমে ডালপালা মেলছে বিজেপি। সেই আবহেই শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নিঃসন্দেহে আরও ঘোলা হলো রাজ্যের রাজনৈতিক জল। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপি-র লড়াই আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.