বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’-এর অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে এই উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ফোরামের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’-এর সাফল্য কামনা করে চিঠিতে টলিউডের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ফোরামের দীর্ঘদিনের কাজের প্রশংসা করে জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পীদের পেশাগত মর্যাদা রক্ষা, তাঁদের কল্যাণ এবং প্রবীণ-নবীন শিল্পীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে বাংলা সিনেমার ঐতিহ্য ও গৌরবের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, বাংলা চলচ্চিত্র যেন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি স্বীকৃতি অর্জন করে—তার জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
মহানায়ক উত্তম কুমারের অবদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাঙালির সংস্কৃতি, শিল্পচেতনা ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান চিরস্মরণীয়। সেই ঐতিহ্যকে সম্মান জানাতেই রাজ্য সরকার চলতি বছরে উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে বড় আকারের অনুষ্ঠান আয়োজন করবে।
এই ঐতিহাসিক উদ্যোগ সফল করতে টলিউডের সমস্ত শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’-এর সাফল্য কামনা করে বিনোদন জগতের সকল কর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। মহানায়কের শতবর্ষ উদযাপন ঘিরে ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্র মহলে শুরু হয়েছে উচ্ছ্বাস।







