কলকাতারাজনীতি

নির্বাচন কমিশনের বৈঠকে উত্তেজনা, চন্দ্রিমা–ফিরহাদের সঙ্গে তীব্র বাদানুবাদ

৬০ লক্ষ ভোটারের নাম বাদ ও SIR ইস্যুতে তৃণমূলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তীব্র উত্তেজনার সৃষ্টি হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের শীর্ষ কর্তাদের। ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ এবং এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar–এর সঙ্গে তৃণমূল নেত্রী Chandrima Bhattacharya ও মন্ত্রী Firhad Hakim-এর তীব্র বাদানুবাদ হয় বলে অভিযোগ।

তৃণমূলের দাবি, নিরপেক্ষ ভূমিকা নেওয়ার বদলে কমিশন বিজেপির তৈরি করা রাজনৈতিক বয়ানের প্রভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। দলের প্রতিনিধিদের অভিযোগ, বৈঠকে তাঁদের বক্তব্য শোনার পরিবর্তে কমিশনের পক্ষ থেকেই রুক্ষ আচরণ করা হয়েছে।

বৈঠকের সময় ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ, তাঁর বক্তব্য চলাকালীনই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পালটা প্রশ্ন করেন কেন তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, সেই সময় তাঁকে ‘Don’t shout’ বলে ধমক দেওয়া হয়। চন্দ্রিমা বলেন, একজন মহিলা নেত্রীর সঙ্গে এই ধরনের ভাষা ব্যবহার অনভিপ্রেত। তাঁর কথায়, “আমরা সুপ্রিম কোর্টে গেছি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য। বিষয়টি আদালতে বিচারাধীন হলে আমাদের আলোচনার জন্য ডাকা হল কেন?”

অন্যদিকে ফিরহাদ হাকিম সরাসরি কমিশনের নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বাংলায় বিদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপি যে ধারণা তৈরি করতে চাইছে, কমিশন সেই বয়ানের প্রভাবেই কাজ করছে। ফিরহাদের বক্তব্য, গত দুই মাসের এসআইআর প্রক্রিয়ায় সেই অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে—ভারতীয় নাগরিক হয়েও যদি ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়, তবে তা সম্পূর্ণ অসাংবিধানিক হবে।”

তৃণমূল প্রতিনিধিদের দাবি, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং কমিশনের নিরপেক্ষতা—এই তিনটি বিষয় নিয়েই তাঁরা মূলত প্রশ্ন তুলেছেন। কমিশনের আচরণকে ‘অসহযোগিতামূলক’ বলে আখ্যা দিয়ে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, ভোটাধিকার খর্বের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে তারা আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.