টলিউডে দেব আর রথীজিৎ ভট্টাচার্যের নাম পাশাপাশি এলেই দর্শকমনে নতুন প্রত্যাশা জন্ম নেয়। ‘খাদান’-এর বিখ্যাত গান কিশোরী এখনও ইউটিউবে দর্শক-শ্রোতার মনে রাজত্ব করছে। সেই জনপ্রিয়তার রেশ না কাটতেই মুক্তি পেয়েছে রঘু ডাকাত ছবির গান জয় কালী। গানটির সুরকার ও কণ্ঠশিল্পী রথীজিৎ ভট্টাচার্য নিজে, আর ঠোঁট মিলিয়েছেন নায়ক দেব। ফলে গান ঘিরে আগ্রহ যে বহুগুণ বেড়েছে তা বলাই বাহুল্য।
রথীজিৎ এক সাক্ষাৎকারে বলেন,”কিশোরী ছিল আদ্যন্ত প্রেমের গান। কিন্তু জয় কালী সম্পূর্ণ আলাদা। এখানে ডাকাতদলের দেবীর আরাধনা ও উন্মত্ত উদ্যাপন ধরা পড়েছে। দুটো গানের মধ্যে তুলনা করা সম্ভব নয়।” তিনি আরও জানান, ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দৃশ্যের ব্যাখ্যা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় যে গানটিকে উচ্চকিত ও শক্তিশালী সাউন্ডে সাজাতে হবে। তাই ব্যবহৃত হয়েছে শিঙা, ঢাক, ঢোল, তাসা, হালগি, ডুবকি, বাঁশি, এমনকি টিনের ড্রামও।
রথীজিৎ জানান, ছোটো থেকেই ডাকাতদের চিত্র মনে আঁকা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘হা রে রে রে’ ধ্বনির সঙ্গে। তাই সেই স্বরটি তিনি গানেও ব্যবহার করেছেন। পাশাপাশি যুক্ত হয়েছে মায়ের স্তোত্রপাঠ এবং প্রায় ৩০ জন শিল্পীর কোরাস। ফলে গানের আবহ আরও বিস্তৃত ও গম্ভীর হয়ে উঠেছে। যদিও শুটিংয়ে উপস্থিত থাকতে পারেননি তিনি, তবে দেব ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাতভর জেগে টানা দুদিন ধরে দৃশ্যায়ন হয়েছে বলে শুনেছেন।
এরই মধ্যে গানটি দর্শক-শ্রোতার মন ছুঁতে শুরু করেছে। মাত্র চার দিনের মধ্যেই ইউটিউবে ভিউয়ার সংখ্যা ছয় লক্ষ কুড়ি হাজার ছাড়িয়েছে। অন্যদিকে কিশোরী-র দর্শকসংখ্যা ইতিমধ্যেই দেড় কোটির মাইলফলক ছুঁয়েছে। ফলে প্রশ্ন উঠছে, জয় কালী কি আগের সেই রেকর্ড ভাঙতে পারবে? সুরকার-শিল্পী আশাবাদী। তাঁর কথায়,”যত সময় এগোবে, এই গানও তত মানুষের কাছে পৌঁছবে। সংখ্যা আরও অনেকগুণ বাড়বে।” দর্শকমহলে তাই নতুন করে জল্পনা শুরু হয়েছে, দেব-রথীজিৎ জুটির ঝলক কি আবারও টলিউডে সাড়া ফেলবে? টলিউডের দর্শকের চোখ তাই এখন একেবারে জয় কালী’র দিকে।







