সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো, ছবি-ভিডিও পোস্ট করা কিংবা সংবেদনশীল বিষয়ে নিজের মতামত প্রকাশ এখন নিত্যদিনের বিষয়। কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও কড়া নিয়ম চালুর পথে কেন্দ্রীয় সরকার। সরকারি আধিকারিক ও কর্মীরা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করতে পারবেন, কী ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে—তা নির্দিষ্ট করে দিতে তৈরি হতে পারে নতুন আচরণবিধি।
এক কথায়, সরকারি কর্মীদের জন্য পৃথক ‘সোশ্যাল মিডিয়া কোড অব কনডাক্ট’ বা সোশ্যাল মিডিয়া আচরণবিধি চালুর পরিকল্পনা করছে কেন্দ্র। শীর্ষস্তরের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ আমলাদের এই সংক্রান্ত একটি সামগ্রিক নির্দেশিকা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে খবর।
সাম্প্রতিক সময়ে একাধিক সরকারি কর্মী এবং তরুণ আমলাকে ডিউটির সময় কিংবা সরকারি পদমর্যাদাকে সামনে রেখে এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলস এবং বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এভাবে অতিরিক্ত আত্মপ্রচার একজন সরকারি কর্মীর পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করছে কেন্দ্র।
কেন্দ্রের আরও বক্তব্য, সরকারি কর্মীদের জন্য বর্তমানে বিভিন্ন আচরণবিধি ও সার্ভিস রুলস থাকলেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে স্পষ্ট এবং নির্দিষ্ট কোনও নীতিমালা নেই। সেই জায়গাতেই নতুন নিয়ম কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
যদিও এই আচরণবিধি ঠিক কবে থেকে কার্যকর হতে পারে, কিংবা কোন কোন বিষয় এর আওতায় আসবে, তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ম চালু হলে পদমর্যাদা বা স্তর নির্বিশেষে সমস্ত সরকারি আধিকারিক ও কর্মীকেই তা মেনে চলতে হতে পারে।
এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমের নিরাপত্তা জোরদার করতেও আইটি নিয়মে একাধিক পরিবর্তন এনেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আদালত বা সরকারি নির্দেশ পাওয়ার পর বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা করা হয়েছে।
এআই এবং ডিপফেক কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রের নতুন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি বা ভিডিওতে স্পষ্ট লেবেল এবং তা শনাক্ত ও অনুসরণ করা যায় এমন মেটাডেটা থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
আমলাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবাকে আরও সহজ ও কার্যকর করার ওপরও জোর দিয়েছেন। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে দ্রুত ‘এক ভারত’ পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করেই নাগরিকরা সরকারের বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন।







