ট্রেনের কনফার্ম টিকিটের জন্য সাহায্য চাইতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়লেন এক তরুণী। কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রেলকর্মীর বিরুদ্ধে। ওড়িশার রৌরকেল্লা স্টেশনের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করেছে রেল।
পুলিশের কাছে অভিযোগ অনুযায়ী, বছর কুড়ির ওই তরুণী দুই তুতো ভাইকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিতলাগড় থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার কথা থাকলেও ভুল করে অন্য ট্রেনে উঠে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে রৌরকেল্লা স্টেশনে পৌঁছন।
বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্ম টিকিটের প্রয়োজন ছিল তাঁদের। কিন্তু স্টেশনে টিকিট না পাওয়ায় সমস্যায় পড়েন তিনজন। সেই সময় তাঁদের সঙ্গে যোগাযোগ করেন রেলকর্মী কপিলেশ্বর সিংহ। অভিযোগ, তিনি কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন।
এরপরই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। তরুণীকে রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আনলে ফল ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি তরুণীর। এমনকি তাঁকে চুপ করিয়ে রাখতে ২ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।
তবে সেখান থেকে কোনওক্রমে বেরিয়ে আসতে সক্ষম হন তরুণী। পরে দুই তুতো ভাইকে গোটা ঘটনার কথা জানান তিনি। এরপর তাঁরাই জিআরপির কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত রেলকর্মীকে। শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে তরুণীর বয়ান নথিভুক্ত করার কথা রয়েছে।
ঘটনার পর দ্রুত পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষও। রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আদিত্য চৌধরী জানিয়েছেন, অভিযুক্ত কপিলেশ্বর সিংহ ভাল্ভ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পরই তাঁকে বরখাস্ত করা হয়েছে। অবসরকালীন সুযোগ-সুবিধাও তিনি পাবেন না বলে জানানো হয়েছে। তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রেল।
তবে এই ঘটনা সামনে আসার পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছে রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও কর্মীদের নজরদারি ব্যবস্থা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা টিকিট বা অন্য কোনও সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন এবং সেই সাহায্যের প্রক্রিয়া কতটা নিরাপদ—এই প্রশ্নই এখন সামনে আসছে।







