যৌন নিগ্রহের প্রতিশোধ নিতে খুন। দিল্লির নিজামুদ্দিনে এমনই ঘটনা ঘটেছে। নিহতের নাম আজাদ। ২৬ বছরের এই যুবক এক নাবালককে বারেবারেই যৌন হেনস্তা করত বলে অভিযোগ। এর বদলা নিতেই নির্যাতিত দুই বন্ধুর সঙ্গে মিলে আজাদকে খুনের ছক কষে। বৃহস্পতিবার তারা কুকরি দিয়ে আজাদকে খুন করে। তারপর পাথর দিয়ে মুখটি বিকৃত করে দেহে আগুন ধরিয়ে দেয়।
শনিবার ওই তিন সন্দেহভাজন সম্পর্কে পুলিশের কাছে খবর আসে। ডিসিপি (দক্ষিণ-পূর্ব) রাজেশ দেও জানিয়েছেন, ‘ওই তিন নাবালক জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে।
জানা যায়, আজাদের দেহ খুসরু পার্কে পড়ে রয়েছে। এরপরই পুলিশ সেখানে গিয়ে আজাদের আধপোড়া দেহ উদ্ধার করে।’ খুনে ব্যবহৃত কুকরিটিও উদ্ধার হয়েছে। হজরত নিজামুদ্দিন থানা সূত্রে খবর, তিনজনের মধ্যে দু’জনের বয়স ১৬ এবং অন্যজনের ১৭ বছর। তিনজনই নিজামুদ্দিন বস্তির বাসিন্দা। জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজিরার পর তিনজনকে সরকারি হোমে পাঠানো হয়েছে।
ধৃতদের অভিযোগ, আজাদের চরিত্র মোটেই ভালো ছিল না। তাদের মধ্যে একজনকে সে প্রায়ই যৌন নিগ্রহ করত। এরজন্যই তারা আজাদকে খুনের পরিকল্পনা করে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তারা তাকে খুন করে। এরপর পাথর দিয়ে মুখ বিকৃত করে শুকনো ঘাস ও কাপড় দিয়ে দেহে আগুন লাগিয়ে দেয়।







