লক্ষদ্বীপ: সমুদ্রপথে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড। গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (ATS) সঙ্গে যৌথ অভিযানে লক্ষদ্বীপের কাছে একটি ইরানি নৌকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হওয়া মেথামফেটামিন ও হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩,০০০ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।
২৫ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক একটি নৌকার গতিবিধির উপর নজরদারি শুরু করে কোস্ট গার্ড। সমুদ্র ও আকাশপথে নজরদারির পর নৌকাটিকে চিহ্নিত করে শুরু হয় ‘হট পারস্যুট’। শেষ পর্যন্ত লক্ষদ্বীপের পশ্চিমে নৌকাটিকে আটক করা হয়।
অভিযানে নৌকাটি থেকে মোট ৫২৬ কেজি মেথামফেটামিন ও হেরোইন উদ্ধার হয়েছে। নৌকায় থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এরপর কড়া নিরাপত্তার মধ্যে নৌকা, আটক ব্যক্তিদের এবং উদ্ধার হওয়া মাদক মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে যৌথভাবে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতেই এই যৌথ অভিযান। ভারতীয় মূল ভূখণ্ডে বিপুল পরিমাণ সিন্থেটিক মাদক পৌঁছনোর আগেই তা আটক করা সম্ভব হয়েছে।







