রাজ্য

‘মুখোমুখি’ উদ্যোগে সরাসরি পুরমন্ত্রীর সঙ্গে কথা, নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

রাজ্যের পৌর এলাকাগুলির নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন উদ্যোগ নিতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। ‘মুখোমুখি’ নামে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন। আগামী ৪ জুলাই কলকাতা পুরসভা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। আসানসোলে ইসিএলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে এই ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) এলাকা থেকে এই কর্মসূচি শুরু হবে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেএমসি এলাকার বাসিন্দারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। পরবর্তী সময়ে আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর-সহ রাজ্যের অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার জন্যও পৃথক দিন ও সময় নির্ধারণ করা হবে। খুব শীঘ্রই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কর্মসূচির রূপরেখা ব্যাখ্যা করে পুরমন্ত্রী জানান, নির্ধারিত দিনে তিনি নিজে কলকাতার দপ্তরে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কর্পোরেশনের আধিকারিক এবং দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কনফারেন্স রুমে থাকবেন। দূরত্বের কারণে শুধুমাত্র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা অনলাইনে যুক্ত হবেন। অন্য কর্পোরেশনগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরা সশরীরে উপস্থিত থাকবেন।

এই এক থেকে দেড় ঘণ্টার ফোন-ইন কর্মসূচিতে নাগরিকরা জল, রাস্তা, নিকাশি কিংবা অন্যান্য পুর পরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি অভিযোগকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে যে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়েছে। সমস্যা সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত প্রশাসন সেই অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং সমাধান হয়ে গেলে নাগরিককে চূড়ান্ত বার্তার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহি এবং সরাসরি যোগাযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.