নিজস্ব সংবাদদাতা: আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড অফিস ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি ওয়ার্ড অফিসের ভিতরে একটি বিলাসবহুল শয়নকক্ষের মতো ঘর এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
শুক্রবার সন্ধ্যায় সুকান্তনগর এলাকায় বিজেপির একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, দলের নেতা-কর্মীদের নিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে যান। সেখানে প্রবেশ করে তাঁরা একটি বড় ঘরে পাঁচটি এয়ার কন্ডিশনার দেখতে পান বলে দাবি করেন। পাশাপাশি লাগোয়া আর একটি ঘরে খাট, সারি সারি বালিশ এবং একটি ড্রেসিং টেবিল ছিল বলেও অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, ওই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকেই কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়।
ঘটনার পর শারদ্বত মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “বয়স হয়েছে, এমন জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন!” তিনি আরও দাবি করেন, সরকারি দফতর হিসেবে ব্যবহারের আগে ওয়ার্ড অফিসটি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা উচিত।
উল্লেখ্য, বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বর্তমানে প্রশাসকের তত্ত্বাবধানে ওয়ার্ডটির কাজকর্ম চলছে। বিজেপি এই ঘটনার জন্য প্রাক্তন কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা প্রাক্তন কাউন্সিলর জয়দেব নস্করের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিনের পথসভা থেকে আসন্ন পুর নির্বাচনে বিধাননগরের ৪১টি ওয়ার্ডে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান শারদ্বত মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।







