সই জালিয়াতি মামলার তদন্তে আরও তৎপর হল সিআইডি। এবার তদন্তের সূত্র ধরে কালীঘাটে পৌঁছল ভবানীভবনের বিশেষ দল। প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তৃণমূলের কেন্দ্রীয় পার্টি অফিসে অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, এই ঠিকানা থেকেই বিধানসভার স্পিকারকে সংশ্লিষ্ট চিঠি পাঠানো হয়েছিল। চিঠির লেটারহেডেও একই ঠিকানা উল্লেখ ছিল। সেই সূত্র ধরেই পার্টি অফিসে পৌঁছে যায় সিআইডি।
অভিযান ঘিরে গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পুলিশের ক্যামেরায় পুরো প্রক্রিয়া রেকর্ড করা হচ্ছে এবং চলছে বিস্তারিত ভিডিয়োগ্রাফি। তদন্তে কোনওরকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না বলেই সিআইডির তৎপরতা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। অভিযানে মহিলা আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তবে অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের দেখা যায়নি বলে জানা গিয়েছে। তদন্তে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের একটি বড় দলও।
এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি মামলায় এদিন বিকেল ৫টার মধ্যে অভিষেককে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও নির্ধারিত সময় পর্যন্ত তাঁর উপস্থিতির খবর মেলেনি। এর আগে সিআইডি তাঁর বাড়িতেও গিয়ে তদন্ত চালিয়েছিল। পাশাপাশি একাধিক তৃণমূল বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে, পার্টি অফিসে প্রবেশের সময় সিআইডি আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর বাগ্বিতণ্ডা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, তদন্তকারীরা বারবার অনুরোধ করলেও তিনি তাঁদের ভিতরে প্রবেশ করতে দিতে চাননি। তদন্তে বাধা দেওয়া আইনত সমস্যার কারণ হতে পারে বলে তাঁকে বোঝানোর চেষ্টা করেন আধিকারিকরা। তবে তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন বলে সূত্রের দাবি। এই ঘটনাটিও ভিডিয়োগ্রাফির মাধ্যমে নথিবদ্ধ করা হয়েছে।







