দেশ

জ্বলন্ত বিমানে আটকে মৃত্যুর ফাঁদ—শাহ বললেন, ‘তাপমাত্রাই হয়ে উঠেছিল ঘাতক’

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘানিনগরের ভয়াবহ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে শাহ জানান, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিল প্রায় ১.২৫ লক্ষ লিটার জ্বালানি, যার আগুনে মুহূর্তেই ছারখার হয়ে গিয়েছিল গোটা বিমান।

অমিত শাহ বলেন, “অত্যধিক তাপমাত্রার ফলে কাউকে বাঁচানোর কোনও সুযোগই ছিল না।” সেই সঙ্গে জানান, উদ্ধারকাজ প্রায় সম্পন্ন। অধিকাংশ দেহ উদ্ধার করা গিয়েছে। তবে দেহগুলি এমনভাবে ঝলসে গিয়েছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। এজন্য ডিএনএ নমুনা সংগ্রহে নেমেছে প্রশাসন। মৃতদের পরিবারের সদস্যদের থেকে নমুনা নেওয়া শুরু হয়েছে এবং দুই ঘণ্টার মধ্যেই প্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিদেশি যাত্রীরাও ছিলেন ওই বিমানে। তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে। ডিএনএ পরীক্ষার কাজ যৌথভাবে করবে কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক ল্যাব। পরীক্ষার পরেই নিশ্চিতভাবে জানানো যাবে মোট মৃতের সংখ্যা।

এই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশ বিশ্বকুমারের সঙ্গেও দেখা করেছেন অমিত শাহ। তিনি বলেন, “এই ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকাজ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি।”

এই মর্মান্তিক ঘটনায় সরকারের তৎপরতা ও সহমর্মিতা চোখে পড়ার মতো। তবু প্রশ্ন থেকে যায়—আরও নিরাপদ বিমানযাত্রার জন্য এবার কি নতুন কোনও পদক্ষেপ নেওয়া হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.