উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন গ্রাম ও শহরে চিতাবাঘের হানা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। পরিবেশবিদদের মতে, এই হামলার নেপথ্যে অন্যতম বড় কারণ হয়ে উঠেছে পথ কুকুরের ছানা। সহজ শিকার হিসেবে কুকুর ছানাই এখন চিতাবাঘের ‘সফট টার্গেট’। সেই লোভে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে শ্বাপদ। শিকার না পেলে মানুষের উপর হামলার ঘটনাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে সুন্দরবনের আদলে উত্তরবঙ্গেও নাইলন ফেন্সিং ও ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু করল বনদপ্তর।
পরিসংখ্যান বলছে, গত নভেম্বর থেকে চা বাগান লাগোয়া এলাকায় চিতাবাঘের একাধিক হামলায় বহু মানুষ জখম হয়েছেন। জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে হামলার প্রবণতা সবচেয়ে বেশি। অতীতেও তরাই–ডুয়ার্স এলাকায় চিতাবাঘের আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটেছে। তদন্তে উঠে এসেছে, বহু ক্ষেত্রেই কুকুর ছানার খোঁজে চিতাবাঘ চা বাগান বা গ্রামে ঢুকে পড়ে। সেই সময় আচমকা মানুষের মুখোমুখি হলে ঘটে যাচ্ছে মর্মান্তিক হামলা।
পরিবেশকর্মীরা জানাচ্ছেন, শীতের মরশুমে পথ কুকুরের বংশবৃদ্ধি বেশি হয়। ফলে এই সময় কুকুর ছানা সহজলভ্য থাকায় চিতাবাঘ লোকালয়ের কাছাকাছি ঘাপটি মেরে থাকে। পাশাপাশি অবাধে ছোট চা বাগান গড়ে ওঠায় জঙ্গল ও জনবসতির প্রাকৃতিক সীমারেখা ভেঙে পড়েছে। এতে বন্যপ্রাণীর শহরে ঢোকা আরও সহজ হচ্ছে।
এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় বনদপ্তর নতুন পদক্ষেপ নিয়েছে। বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান এলাকায় ১২ ফুট উঁচু নাইলন ফেন্সিং বসানো হয়েছে এবং নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। সুন্দরবনে বাঘের হামলা ঠেকাতে যে প্রযুক্তি ব্যবহার হয়, উত্তরবঙ্গে প্রথমবার সেই মডেলেই সুরক্ষা ব্যবস্থা গড়া হচ্ছে। একই সঙ্গে পথ কুকুরের নির্বীজকরণ ও সচেতনতার দাবিও উঠেছে। বনদপ্তরের আশা, এই যৌথ উদ্যোগে চিতাবাঘ–মানুষ সংঘাত অনেকটাই কমবে।







